প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 2, 2026 ইং
ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান

জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
ফোন:01608783515
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সারাদেশে চলমান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও অংশ নেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে।
উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
© দৈনিক চেতনার কন্ঠ